ইরান ছাড়াও মধ্যপ্রাচ্যের আরেক দেশে ইসরায়েলের হামলা

Uncategorized

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এই হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরেক দেশ লেবাননেও হামলা চালিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। ঘটনাস্থলে থাকা আল জাজিরার সংবাদদাতা এই তথ্য জানিয়েছেন।

২০২৪ সালের নভেম্বরে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতির পর এটি সবশেষ চুক্তি লঙ্ঘন।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে। তবে স্থানীয় সূত্রের দাবি, চলমান প্রায় প্রতিদিনের হামলায় বেসামরিক মানুষ ও স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আল জাজিরার প্রতিবেদক জানান, সর্বশেষ হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বেশিরভাগ হামলাই বন ও পাহাড়ি খোলা এলাকায় চালানো হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমানের টহল অব্যাহত রয়েছে।

এর আগে বৃহস্পতিবার বেকা উপত্যকায় ইসরায়েলি হামলায় একজন নিহত ও ২৯ জন আহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ব্যক্তি ১৬ বছর বয়সী এক সিরীয় কিশোর।

২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি বাহিনী লেবাননে হামলা অব্যাহত রেখেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত তিন শ’র বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ১২৭ জন বেসামরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *