রাশিয়া ও চীনের কাছ থেকে সহায়তা পাচ্ছেন কি না, জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Uncategorized

ইরানে একযোগে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা আঘাত হেনেছে ইরানও। ইসরায়েলের মূল ভূখণ্ড ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। ইরানের দুই প্রভাবশালী মিত্র রাশিয়া ও চীন মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানালেও প্রকাশ্যে এখনও কোনো সামরিক সহায়তা প্রদান করেনি।

বিষয়টি নিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ প্রশ্ন করেছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে। জবাবে তিনি বলেছেন, ‘তারা আমাদের রাজনৈতিক ও অন্যদিক দিয়েও সাহায্য করছে।’ তবে যুদ্ধ চলমান থাকায় রাশিয়া এবং চীন সামরিক সহায়তা করেছেন কি না তা খোলাসা করতে চাননি তিনি।

এদিকে চলমান সংঘাতে অস্ত্র সহায়তার জন্য ইরান রাশিয়ার কাছে কোনও আবেদন জানায়নি বলে জানিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, মস্কোর অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। গত বছর দুই দেশ ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করলেও বর্তমান যুদ্ধে সামরিক সহায়তার বিষয়ে কোনও আনুষ্ঠানিক অনুরোধ আসেনি।

ইরানকে সামরিক সহায়তা, বিশেষ করে অস্ত্র দেয়ার কোনও পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এ ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনও অনুরোধ আসেনি। আমাদের ধারাবাহিক অবস্থান সবারই জানা এবং এ বিষয়ে কোনও পরিবর্তন হয়নি।’

ইরান যুদ্ধ শুরুর পর রাশিয়া ও চীনের ভূমিকা কেমন হতে পারে–এমন এক প্রশ্নের জবাবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, ‘তারা (রাশিয়া ও চীন) এখানে প্রকৃতপক্ষে কোনো বিবেচ্য বিষয় নয়। আমাদের বিরোধও তাদের সাথে নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *