হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

Uncategorized

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।

আজ রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) বরাতে বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, ভারতে অনুপ্রবেশ ও অবস্থানের জন্য বনগাঁ সীমান্ত এলাকা থেকে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৬ জানুয়ারি হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি করা হয়েছে।

অভিযোগপত্র জমা দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সদস্য ছিল। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডে সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে আমরা চার্জশিট জমা দিয়েছি। তাদের মধ্যে ১২ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালানোর সময় ২০২৫ সালের ১২ ডিসেম্বর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ফয়সালসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে পল্টন মডেল থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

ফয়সাল ভারতে আত্মগোপনে ছিল বলে তখন ধারণা করেছিল পুলিশ। তবে, ফয়সাল ফেসবুক লাইভে এসে দাবি করেছিলেন যে তিনি দুবাইয়ে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *