ইরাক ও ইরানের মতো দেশগুলোতে মার্কিন সামরিক বাহিনীর প্রবেশ করা ‘উচিত হয়নি’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি দাবি করেছেন, নয় মাস আগে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণ না করলে এতক্ষণে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত।
ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এই মন্তব্য করেন।
ইরাক ও ইরানের যুদ্ধে জড়ানোকে একটি ‘ভুল সিদ্ধান্ত’ হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরাকের দিকে তাকান, আমাদের কত বড় ক্ষতি হয়েছে। আমরা কী যে এক বোকামি করেছি! আমাদের আসলে প্রথমেই সেখানে যাওয়া উচিত হয়নি।
আমাদের ইরানেও যাওয়া উচিত হয়নি, কিন্তু ইরানের সেই (পারমাণবিক) সক্ষমতা রয়েছে, যোগ করেন তিনি।
ইরানে মার্কিন হামলার সাফাই গাইতে গিয়ে ট্রাম্প বলেন, নয় মাস আগে আমরা যদি বি-২ বোমারু বিমান দিয়ে তাদের ওপর আঘাত না হানতাম, তবে তাদের হাতে এখন পারমাণবিক অস্ত্র থাকত এবং পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হতো। হয়তো আজ ইসরায়েল থাকত না, এমনকি মধ্যপ্রাচ্যেরও কোনো অস্তিত্ব থাকত না তারপর সেখান থেকে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকত?
সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনী উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ইরানের সেনাবাহিনীকে ধ্বংস করেনি।