দুপুরের মধ্যে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, তিন অঞ্চলে সতর্ক সংকেত

জাতীয়

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় আঘাত হানার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তীব্রতার ওপর ভিত্তি করে নদীবন্দরগুলোতে আলাদা আলাদা সতর্কতা সংকেত জারি করা হয়েছে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে ঝড়ের ঝুঁকি এড়াতে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *