নেত্রকোণা সদর উপজেলায় পরকীয়ার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে আটক করেছেন স্থানীয়রা। গতকাল সোমবার রাতে দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। তাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আয়োজিত একটি সালিশি বৈঠকের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই ঘটনা নিয়ে এখন ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।জানা যায়, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এরপর রাতে তাকে আটক করে আট নম্বর দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে নেওয়া হয়। সেখানে উপস্থিত লোকজন তাকে আটকে রেখে বিচার শুরু করেন।
ভাইরাল হওয়া ওই ভিডিওর ভিত্তিতে দাবি করা হচ্ছে, সালিশে এই কনটেন্ট ক্রিয়েটরকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাকে গ্রাম ছাড়ারও নির্দেশ দেওয়া হয় উপস্থিত লোকজনের পক্ষ থেকে। তবে এসব দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
পুরো ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের কোনো হস্তক্ষেপ ছাড়াই স্থানীয়ভাবে এই বিচারকাজ পরিচালিত হয়েছে বলে জানা গেছে।