বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য বছরে বৈদেশিক মুদ্রা নেয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এই সীমা ছিল ১২ হাজার ডলার।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশে বসবাসরত একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বিদেশ ভ্রমণের জন্য একটি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। অনুমোদিত ডিলার বা ব্যাংকগুলো এই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণসংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় বার্ষিক এই সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার ৫০ শতাংশই থাকবে।
একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত বার্ষিক সীমার মধ্যে একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ ডলার হিসেবে নিতে পারবেন। এর বেশি বৈদেশিক মুদ্রা নগদ ডলার আকারে ছাড় করা যাবে না।
বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা ছাড়সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করতে অনুমোদিত ডিলারদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।