বিএনপি নেতাকে পানিতে চুবালেন আ.লীগ কর্মী, নেপথ্যে…

Uncategorized

নেত্রকোনার মদন উপজেলায় বিএনপির এক নেতাকে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের এক কর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগী মেহেদী হাসান আকন্দ শফিক উপজেলা বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

এ ঘটনায় মেহেদী হাসান বাদী হয়ে কয়েকজন আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (৩০ মার্চ) মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার মেহেদী হাসান তার বাড়ির সামনে বিলে জমিতে ঘাস কাটতে যান। ওই জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সোহেল মিয়া ও তার ভাইয়েরা মিলে তাকে মারধর করে এবং পানিতে চুবিয়ে নির্যাতন করে বলে অভিযোগ করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

লিখিত অভিযোগে মো. সোহেল (৩৫), তার ভাই মো. কায়েস (২৮), কাউসার (৩০) ও মো. সাগর (২২)-কে আসামি করা হয়েছে। স্থানীয় সূত্রে তারা আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।

ঘটনার প্রতিবাদে রোববার মদন পৌরশহরে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

তবে অভিযুক্ত সোহেল মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, মেহেদী হাসান তার চাষকৃত জমিতে ঘাস কাটছিলেন। এতে বাধা দিলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়, তবে পানিতে চুবিয়ে নির্যাতনের অভিযোগ সঠিক নয়।

এ বিষয়ে মদন থানার ওসি হাসনাত জামান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *