‘সারজিসের বাবা চিকিৎসার জন্য ভারতে’, জানা গেল আসল তথ্য

Uncategorized

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলমের বাবার চিকিৎসার জন্য ভারতে যাওয়ার দাবি তুলে তার ছবি সংযুক্ত করে বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪-এর লোগোযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে, সারজিস আলমের বাবা চিকিৎসার জন্য ভারতে যাননি এবং চ্যানেল২৪ থেকেও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি। আসলে, চ্যানেল২৪-এর ইউটিউব চ্যানেলের একটি ভিডিওর থাম্বনেইল ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনার মাধ্যমে ওই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪ এর লোগো রয়েছে।

ওই তথ্যাবলীর সূত্র ধরে চ্যানেল২৪-এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, গণমাধ্যমটির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, চ্যানেল২৪-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত ‘চব্বিশের অভ্যুত্থানে অন্যতম সহযোদ্ধা ছিল ছাত্রশিবির: সারজিস আলম’ শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির থাম্বনেইল পর্যালোচনায় দেখা যায়, শিরোনাম ছাড়া বাকি সব উপাদানের সঙ্গে আলোচিত ফটোকার্ডটির মিল রয়েছে।

অর্থাৎ, চ্যানেল২৪ এর থাম্বনেইলের শিরোনাম পরিবর্তন করেই আলোচিত ফটোকার্ড তৈরি করা হয়েছে।

মূল ভিডিও থেকে জানা যায়, সারজিস আলম তার বক্তব্যে ২০২৪ সালের অভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সক্রিয় ভূমিকার কথা বলেন এবং তাদের সম্মুখসারির সহযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন। তিনি উল্লেখ করেন যে, আন্দোলনের শুরু থেকেই রাজপথে থাকা থেকে শুরু করে পরিকল্পনার টেবিল পর্যন্ত ছাত্রশিবির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিগত ১৬ বছরে শেখ হাসিনা সরকার বিরোধী পক্ষকে দমন করতে যে ধরনের ‘ব্লেম গেম’ বা অপপ্রচার চালিয়েছিল, বর্তমান প্রজন্ম তা প্রত্যাখ্যান করেছে বলেই এ বিপ্লব সফল হয়েছে বলে তিনি মনে করেন। সবকিছুর ঊর্ধ্বে দেশ ও দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে তিনি ভবিষ্যতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন।…।

এছাড়া, সারজিস আলমের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও সারজিস আলমের বাবা ভারতে গিয়েছেন কিংবা তার বাবা অসুস্থ হয়েছেন সংবলিত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, সারজিস আলমের বাবা চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন দাবিতে চ্যানেল২৪ এর নামে প্রচারিত এ ফটোকার্ডটি সম্পাদিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *