নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে এক অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধের দুই ঘণ্টা পর এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টা ৫ মিনিটে বিসিকের এক নম্বর গেইটে একটি পোশাক কারখানার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান।
উদ্ধার হওয়ার পর সংসদ সদস্য আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জুলাই অভ্যুত্থানের সময় আন্দোলনকে ‘তাণ্ডব’ বলেছিলেন মোহাম্মদ হাতেম। আমরা তাকে ‘ফ্যাসিস্টের দোসরই’ মনে করি।
“ফ্যাসিস্টের সহযোগী সেলিম ওসমান যখন বিকেএমইএর সভাপতি ছিলেন তখন তিনি (হাতেম) ছিলেন নির্বাহী সভাপতি।”
এদিন জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে ছাড়াও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে দাওয়াত দেওয়া হয়।
অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি আসবেন জানলে সেখানে যেতেন না জানিয়ে এনসিপির যুগ্ম সদস্যসচিব আল আমিন বলেন, “ফ্যাসিস্টের দোসরের সঙ্গে আমি স্টেজ শেয়ার করতে পারিনি। এরপর উনি ওনার ‘গুন্ডা-পান্ডাদের’ নিয়ে এসে আমাদের ওপর হামলার চেষ্টা করেন। আমাদের নেতাকর্মীদের মারধরও করেছেন।”
এর আগে ইফতার অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আল আমিন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলেন। এতে হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে তারা আল আমিনকে অবরুদ্ধ করে রাখেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে রাত ৮টার দিকে অবরুদ্ধ অবস্থা থেকে এনসিপির এ নেতাকে উদ্ধার করে দলটির চাষাঢ়া কার্যালয়ে নিয়ে যায়।
হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে অবরুদ্ধ এনসিপির এমপি আল আমিন