২০ মিনিটে সাত বিস্ফোরণে কাঁপল দুবাই

Uncategorized

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি শিল্পাঞ্চল ও বন্দর একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠেছে। বুধবার (৫ আগস্ট) ভোরে মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। বিস্ফোরণের পর পুরো এলাকায় ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর বার্তা সংস্থা মেহের’র

আমিরাতের কর্মকর্তারা জানিয়েছেন, মাত্র ২০ মিনিটের মধ্যে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ঘটনার প্রকৃতি নিয়ে বিভিন্ন ধরনের তথ্য সামনে এসেছে। ইরাকের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এই বিস্ফোরণ ঘটেছে। তবে আমিরাতের গণমাধ্যম শুধু একাধিক বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করলেও হামলার বিষয়ে কিছু জানায়নি।

এদিকে থার্মাল ইমেজ বিশ্লেষণে দেখা গেছে, বন্দরের পাশে জ্বালানি সংরক্ষণ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত একটি গুদামে আগুন লাগে।

আরব গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আগুনের ভিডিও ধারণ করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে আমিরাতের কর্তৃপক্ষ।

একই সময়ে ইয়েমেনের রাজধানী সানাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কিছু সূত্রের দাবি, সেখানে বিমান হামলা হয়েছে।

অন্য আরেকটি সূত্র বলছে, ইয়েমেনের ভেতর থেকেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কারণে এসব বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *