
২০১৮ সালের একটি ঘটনা—যার ক্ষত নাকি মুছে যায়নি আট বছরেও।
র্যাবের কাছে দেওয়া তথ্য অনুযায়ী, আবদুল খালেকের দাবি, ২০১৮ সালে তাঁর বাবার ওপর হামলা চালানো হয়েছিল। তাঁর অভিযোগ, রাব্বির পক্ষের লোকজন তাঁর বাবা ফজলুল হককে মারধর করে এবং একপর্যায়ে তাঁর একটি হাত বিচ্ছিন্ন করে দেয়।
বাবার ওপর ঘটে যাওয়া সেই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ ও বিরোধ চলছিল বলে জানিয়েছেন খালেক। তাঁর দাবি, সেই পুরোনো ঘটনার প্রতিশোধের আগুনই শেষ পর্যন্ত ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যায়।
সম্প্রতি ময়মনসিংহের মাসকান্দা এলাকায় মোহাম্মদ রাব্বিকে কুপিয়ে হত্যার ঘটনায় খালেককে গ্রেপ্তার করেছে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র্যাব।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—খালেক তাঁর বাবার সঙ্গে ঘটে যাওয়া যে ঘটনার কথা বলেছেন, সেটির সত্যতা এখনো নিশ্চিত করতে পারেনি র্যাব। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।