ভেঙ্গে ফেলা হলো ভাইরাল মিজানের ভাতের হোটেল

জাতীয়

রাজধানীর আগারগাঁওয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ‘মিজানের ভাতের হোটেল’ আর নেই। ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে রবিবার দুপুরে অভিযান চালিয়ে হোটেলটি ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে গড়ে তোলা হোটেলটির অস্থায়ী কাঠামো উচ্ছেদ করা হয়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে কাফরুল এলাকার মূল সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী কাঠামো তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন মিজানুর রহমান। এতে সাধারণ পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি সড়কে যানজটের সৃষ্টি হতো।

ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ম্যাজিস্ট্রেট অবৈধ হোটেলটি ভেঙে দেন। অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাফরুল থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

এর আগে ১০ আগস্ট আগারগাঁও এলাকায় মিজানের দোকানের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সময় পুলিশের এক সদস্যকে বোতল দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে মিজানের বিরুদ্ধে। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সময় মিজানকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *