আলোচিত জুলাই যোদ্ধা আটক

জাতীয়

হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদি হাসানসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কোর্ট মসজিদের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টায় শহরের কোর্ট মসজিদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা শহরে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে প্রশাসনের অনুমতি ছাড়া একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। এ সময় প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদিকে আটক করা হয়। এর আগে একই স্থান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও রাকিব হাসানকেও আটক করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, প্রশাসনের অনুমতি ছাড়া ছাত্র-জনতার ব্যানারে তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় প্রশাসন অনুমতি দেয়নি। প্রশাসনের বাধা উপেক্ষা করে তারা জড়ো হলে ঘটনাস্থল থেকে মাহদিসহ তিনজনকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *