যে কারণে রাষ্ট্রপতি নির্বাচনে রুমিন ফারহানা

জাতীয়

Image descriptionরাষ্ট্রপতি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ছয় এমপি ভোট দেননি। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে তারা ভোটদানে বিরত ছিলেন কিংবা অপারগ ছিলেন।

ভোট না দেয়ার কারণ ব্যাখ্যা করে রুমিন ফারহানা বলেন, তার কাছে রাষ্ট্রপতি নির্বাচন অর্থহীন ও প্রহসনের মনে হয়েছে। নির্বাচনে অনিশ্চয়তা না থাকলে সেটিকে প্রকৃত নির্বাচন বলা যায় না। কারণ ফলাফল আগে থেকেই জানা ছিল।

রুমিন ফারহানা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষের আত্মত্যাগ ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে একজন অরাজনৈতিক ও গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করা যেত। কিন্তু তা করা হয়নি।

তার মতে, ভোট না দেয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রসঙ্গ। রুমিন ফারহানার অভিযোগ, রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপি দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্য পদ হারানোর বিষয়টি সামনে এনেছে। এমন পরিস্থিতিতে তিনি ভোট দেয়াকে প্রহসন হিসেবে দেখেছেন।

সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে তার সংসদ সদস্য পদ শূন্য হবে। একইভাবে সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলেও সংসদ সদস্য পদ থাকবে না।

এদিকে ভোট চলাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমানের পক্ষ থেকে জানানো হয়েছিল, দলটির একমাত্র সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ভোটদানে বিরত থাকবেন। জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হওয়া ঐকমত্যের সিদ্ধান্ত থেকে সরে আসার অভিযোগে দলটি এমন সিদ্ধান্ত নিয়েছিল। তবে পরে জানা যায়, ইসলামী আন্দোলনের ওই সংসদ সদস্য ভোট দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *