বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয়

Uncategorized

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মন্ত্রী আফরোজা খানমকে । মন্ত্রিসভা পুনর্বণ্টনের অংশ হিসেবে তাকে বিমান থেকে সরিয়ে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।

মন্ত্রিসভার একাধিক সূত্র কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে মন্ত্রী হচ্ছেন। তাকে মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে। এদিকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন মো. আব্দুল বারী।

তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে জনপ্রশাসনে থাকবেন আব্দুল বারী।
মন্ত্রিপরিষদের পুনর্বণ্টনের অংশ হিসেবে আরো কয়েকটি মন্ত্রণালয়ে পরিবর্তন আসছে। নতুনদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার মন্ত্রণালয়, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। বর্তমানে সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শামা ওবায়েদ ইসলাম। তিনিও এই পদে থাকবেন বলে জানা গেছে।

এদিকে আন্দালিব রহমান পার্থকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে জহির উদ্দিন স্বপনকে মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার আলোচনা চলছে।

আজ শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হবে। দরবার হলেই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *