থানায় হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী

Uncategorized

রাজধানীর তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) বিকেলে থানায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি কার্যক্রম এবং নাগরিক সেবার বিভিন্ন দিক সম্পর্কে সরেজমিনে খোঁজ নেন তিনি।

পরিদর্শনের সময় থানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ কর্মকর্তাদের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের কক্ষ, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, পুলিশ সদস্যদের ব্যারাক ও ডাইনিং ব্যবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।

পুলিশ সদস্যদের আবাসন ও কর্মপরিবেশ সম্পর্কেও খোঁজ নেন তিনি। ব্যারাক পরিদর্শনের সময় সদস্যদের থাকার পরিবেশ, খাবারের মান ও পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি নাইট ডিউটি ও শিফট অনুযায়ী দায়িত্ব পালনের সময়সূচি এবং কর্মপরিবেশ নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিডি ও অভিযোগ নিয়ে আসা কয়েকজনের সমস্যার কথা শুনে তা দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সেবা দেওয়াই পুলিশের প্রধান দায়িত্ব। থানাকে এমন একটি জায়গা হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে সাধারণ মানুষ কোনো ভয় বা সংকোচ ছাড়াই নিজেদের সমস্যা জানাতে পারবেন।

তিনি আরও বলেন, নাগরিকরা যেন কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন ছাড়াই সরাসরি পুলিশের কাছে এসে অভিযোগ ও সমস্যার কথা বলতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

পরিদর্শনের সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *