দুর্ঘটনার কবলে গাড়ি, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

Uncategorized

বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।

পুলিশ জানায়, স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা নামে এক বৃদ্ধা হঠাৎ দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন।

এ সময় তাকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িচালক নিয়ন্ত্রণ হারান। পরে গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে।

দুর্ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন বৃদ্ধা ফিরোজাও। পরে তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *