ইতালিতে জুলাই যোদ্ধা আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কঠোর ভাষায় সতর্ক করেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন।
এক বক্তব্যে ইলিয়াস হোসেন দাবি করেন, ইতালিতে বাঁধনের ওপর হামলার ঘটনা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসরদের ‘বর্বরতা ও কাপুরুষতার’ বহিঃপ্রকাশ। তার অভিযোগ, দেশে ক্ষমতায় থাকাকালে প্রশাসনকে ব্যবহার করে যারা নানা ধরনের কর্মকাণ্ড চালিয়েছে, তারাই এখন বিদেশের মাটিতে আইনকে ভয় পেয়ে পানি ও জুস ছুড়ে হামলার মতো ঘটনা ঘটাচ্ছে।
তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি, জামায়াত এবং আসিফ-নাহিদ-সারজিসসহ ছাত্রসমাজ ঐক্যবদ্ধ রয়েছে। ভবিষ্যতে এ ধরনের কোনো হামলার চেষ্টা হলে ঐক্যবদ্ধ জনতা তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে ইতালির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন।