ইসকন মন্দির থেকে ১৭ তরুণী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য জানা গেল

Uncategorized

ভারতে ইসকনের মন্দিরের তলদেশ (বেজমেন্ট) থেকে নারী উদ্ধারের দৃশ্য, এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্টচেক করে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে ইসকন মন্দিরের কোনো সম্পর্ক নেই। এটি ভারতের মুম্বাইয়ের একটি ড্যান্সবার থেকে ১৭ নারীকে উদ্ধারের পুরোনো ভিডিও।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির একাধিক সংস্করণে দাবি করা হয়, ইসকনের মন্দিরের তলদেশ থেকে নারীদের উদ্ধার করা হয়েছে। তবে রিভার্স ইমেজ সার্চে ভারতীয় সংবাদমাধ্যম নেশন টুডে-এর ফেসবুক পেজে ২০২১ সালের ১৫ ডিসেম্বর একই ভিডিও পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, পুলিশের অভিযানে মুম্বাইয়ের ‘দীপা ড্যান্স বার’ থেকে কর্মীদের আটক করা হয়েছে।

পরে প্রাসঙ্গিক কীওয়ার্ড সার্চে ঘটনাটি নিয়ে ভারতের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ১১ ডিসেম্বর মুম্বাইয়ের আন্ধেরির দীপা ড্যান্স বারে অভিযান চালায় পুলিশ। সেখানে গোপন একটি বেজমেন্ট থেকে ১৭ নারীকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, বেজমেন্টটি একটি মেকআপ রুমের সঙ্গে যুক্ত ছিল।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, মেকআপ রুমের দেয়ালে একটি বড় আয়না সন্দেহজনক মনে হলে সেটি সরানোর চেষ্টা করেন পুলিশ সদস্যরা। পরে আয়নাটি ভেঙে এর পেছনে গোপন বেজমেন্টে যাওয়ার পথ পাওয়া যায়। সেখানে ১৭ জন নারীকে পাওয়া যায়।

অর্থাৎ, ইসকনের মন্দিরের তলদেশ থেকে নারী উদ্ধারের দাবিতে প্রচারিত ভিডিওটি ভুল তথ্যসহ প্রচার করা হচ্ছে। ভিডিওটির প্রকৃত ঘটনা মুম্বাইয়ের দীপা ড্যান্স বারে পুলিশের অভিযান এবং সেখানকার গোপন বেজমেন্ট থেকে ১৭ নারী উদ্ধারের ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *