বিদেশে পলাতক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চার দফা দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।
সাবেক এই আইজিপির প্রসঙ্গ তুলে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধ, গুম, অর্থপাচার ও দুর্নীতির মামলায় অভিযুক্ত বেনজীর আহমেদ ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাইয়ে গ্রেফতার হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী তাকে দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে প্রতিশ্রুতির পরও জামিনে মুক্তি পেয়ে বেনজীর সেন্ট লুসিয়ায় চলে যাওয়ায় তা সরকারের গুরুতর ব্যর্থতার পরিচয় দেয়।
তিনি বলেন, বেনজীরের বিদেশে যাওয়া এবং তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় কোনো ব্যর্থতা বা আইনি ত্রুটি ছিল কি না, তা সংসদকে জানাতে হবে এবং তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপ সংসদকে জানানোর দাবি করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে তিনি এ দাবি উত্থাপন করেন।
আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বেনজীর আহমেদসহ বিদেশে অবস্থানরত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার কোনো ধরনের শৈথিল্য দেখাবে না। বেনজীরের বর্তমান অবস্থান নিশ্চিত করা, প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া, পাসপোর্ট জালিয়াতির অভিযোগ যাচাই এবং দেশে-বিদেশে অবৈধ সম্পদ শনাক্ত ও জব্দে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে।
মন্ত্রী জানান, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কোনো দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি নেই। দেশটির অভ্যন্তরীণ আইন ও পারস্পরিক সহযোগিতার নীতির ভিত্তিতে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া হচ্ছে। ইউএইর চাহিদা অনুযায়ী অতিরিক্ত নথিপত্র ৪ আগস্ট পাঠানো হয়েছে। পরে আরও আইনি ব্যাখ্যা চাওয়া হলে ২২ সেপ্টেম্বরের মধ্যে তা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এ জন্য ইউএইতে একটি ল ফার্ম নিয়োগ করা হয়েছে।
বেনজীর আহমেদের জামিন পাওয়ার খবর প্রকাশের পর তার অবস্থান ও চলাচল সম্পর্কে সতর্কতা বজায় রাখতে এনসিবি আবুধাবিকে অনুরোধ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গত ৩১ আগস্ট বেনজীরের বর্তমান অবস্থান জানতে ইন্টারপোলের নিরাপদ যোগাযোগ ব্যবস্থায় আনুষ্ঠানিকভাবে তথ্য চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী যত বড়ই হোক, তাকে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালতের রায়ের ভিত্তিতেই শাস্তি দিতে হবে। এ প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় ধৈর্য ধরতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
এর আগে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের পলাতক বেনজীরসহ অন্যদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে একটি বিশেষ সেল গঠনের প্রস্তাব দেন।