মন্ত্রিসভার বৈঠকে তিন সিদ্ধান্ত

জাতীয়

প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৬তম বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন লাভ করেছে। সোমবার (১০ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে প্রণীত ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ব্যাংক খাতের ঝুঁকি মোকাবিলায় প্রণীত মূল আইনের সংযোজিত ১৮ক ধারার অধীনে শর্ত পরিপালন করে কোনো আবেদন না পাওয়ায় উক্ত ধারাটি বিলুপ্ত করার লক্ষ্যেই এই সংশোধন আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদেশি বিনিয়োগ, পর্যটন, দক্ষতা বৃদ্ধি ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে ভিসা পলিসি-২০২৬-এর খসড়া অনুমোদন পেয়েছে। ২০০৬ সালের ভিসা নীতিমালার ৩৩টি ক্যাটাগরির স্থানে নতুন এই নীতিমালায় ৩৪টি ভিসা ক্যাটাগরি নির্ধারণ করে একটি আধুনিক ও সেবামুখী সময়োপযোগী ভিসা ফ্রেমওয়ার্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া আন্তর্জাতিক সনদ ও প্রতিশ্রুতি অনুযায়ী মানবাধিকার রক্ষা ও একটি স্বাধীন কমিশনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। নতুন আইনটিতে কমিশন গঠন ও বাছাই কমিটিতে নারী, বিশিষ্ট নাগরিক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং নৃ-গোষ্ঠী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পাশাপাশি তদন্ত চলাকালে ভুক্তভোগীর সুরক্ষায় অন্তর্বর্তীকালীন আদেশদানের ক্ষমতা এবং হেফাজতে নির্যাতন ও গুম রোধে ‘জাতিসংঘের নির্যাতন বিরোধী সনদের ঐচ্ছিক প্রটোকল’ (OPCAT) অনুযায়ী একটি জাতীয় প্রতিরোধ ব্যবস্থা (NPM) ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *