দুই গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে এমপি আহত

Uncategorized

সনামগঞ্জের ছাতক উপজেলায় দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শুক্রবার (৮ মে) রাত ৯টার দিকে উপজেলার জাউয়াবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত সংসদ সদস্যকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়াবাজারের নিকটবর্তী খিদ্রাকাপন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আখলুস মিয়া ও জাউয়া কোনাপাড়ার মোহাম্মদ আলীর মধ্যে ২০ লাখ টাকার পাওনা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে গত দুই দিন ধরে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা মারপিটের ঘটনা ঘটে।

এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যায় উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়কের জাউয়াবাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের অন্ধকারে দুপক্ষ টর্চলাইট জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালায়।

সংঘর্ষ চলাকালে ওই পথ দিয়ে যাওয়ার সময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি দেখে তিনি গাড়ি থেকে নেমে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় দুপক্ষের ছোড়া ইটপাটকেল ও ভাঙা কাঁচের টুকরো এসে তার হাতে এবং পায়ে লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসকেরা জানান, সংসদ সদস্যের পা থেকে কাঁচের টুকরো বের করা হয়েছে এবং তাকে এক্স-রে করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে কামরুজ্জামান কামরুল নিজে কোনো মন্তব্য করতে রাজি হননি। তার এক সহকর্মী জানান, মূলত সংঘর্ষ থামাতে গিয়েই তিনি অনাকাঙ্ক্ষিতভাবে আহত হয়েছেন।

সংঘর্ষের কারণে সুনামগঞ্জ-সিলেট সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং শত শত গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘টাকা ও জায়গা কেনাবেচা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে সংসদ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *