মুখ্যমন্ত্রী হয়েই বড় ঘোষণা দিলেন বিজয়

Uncategorized

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক হওয়া তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) সভাপতি চন্দ্রশেখর জোসেফ বিজয় তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশে স্বাক্ষর করেছেন বিজয় থালাপতি। এর মধ্যে রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, মাদকবিরোধী কঠোর পদক্ষেপ এবং নারীদের নিরাপত্তা জোরদারের উদ্যোগ।

রোববার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শপথ নেওয়ার পর ভাষণে বিজয় তামিল ভাষার একটি পরিচিত বাক্য দিয়ে বক্তব্য শুরু করেন। ‘এন নেনজিল কুদিয়িরুকুম’, যার অর্থ ‘যিনি আমার হৃদয়ে বাস করেন’। অতীতেও তিনি তার ভক্তদের উদ্দেশে এ বাক্য ব্যবহার করেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম নির্দেশনায় টিভিকে প্রধান বিজয় ঘোষণা করেন, ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। পাশাপাশি মাদক সমস্যা মোকাবিলায় একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ বাহিনী ও হেল্পলাইন চালু করা হবে।

তিনি জানান, শিক্ষা, স্বাস্থ্য ও পানীয় জলের মতো মৌলিক বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া হবে। কৃষক ও মৎস্যজীবীদের কল্যাণেও কাজ করা হবে। সবকিছু ভালো হবে বলেও আশ্বাস দেন তিনি।

বিজয় বলেন, একজন সহকারী পরিচালকের ছেলে আজ মুখ্যমন্ত্রী হয়েছে। আমি দারিদ্র্য ও ক্ষুধা দেখেছি। আমি কোনো রাজপরিবার থেকে আসিনি। অনেক কষ্ট সহ্য করেছি, অনেকেই আমাকে অপমান করেছে। আমি আপনাদের ছেলে, আপনাদের ভাইয়ের মতো। আপনারা আমাকে হৃদয়ে জায়গা দিয়েছেন, গ্রহণ করেছেন।

মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, ডিএমকে রাজ্যের কোষাগার শূন্য করে দিয়েছে। আর আমরা এমন এক পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছি, যেখানে প্রায় ১০ লাখ কোটি রুপি ঋণ রয়েছে। আমরা জনগণের অর্থ থেকে এক পয়সাও নেব না এবং কাউকে রাজ্য লুট করতে দেব না।

তিনি ‘নতুন যুগের বাস্তব, ধর্মনিরপেক্ষ ও সামাজিক ন্যায়ের’ প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রবীন চক্রবর্তী, বাম নেতা মা বেবি এবং অন্যান্য জোটসঙ্গীদের ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *