‘মক্কা প্যাক্টে’ বাংলাদেশের যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন জয়সওয়াল

জাতীয়

মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, এ বিষয়ে তাঁরা সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছেন। বিশেষ করে ভারতের নিরাপত্তাসংক্রান্ত কোনো বিষয় হলে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রণধীর জয়সওয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার আগ্রহের বিষয়ে প্রশ্ন করেন। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন। পরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও মক্কা চুক্তিকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন, চুক্তিটি বিস্তৃত হলে এটি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা হতে পারে। তাঁর ভাষ্য, এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে অন্যদের উদ্বেগের অবকাশ নেই।

মক্কা চুক্তিতে বাংলাদেশ যোগ দেবে কি না, সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি এখনো সেই পর্যায়ে আসেনি। চুক্তির সদস্যরা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বাংলাদেশ তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।

বাংলাদেশের এই অবস্থান সম্পর্কে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘আমরা সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি। বিশেষ করে তা যদি ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় হয়। নিরাপত্তা সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকি।’

এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলার বিষয়েও প্রশ্ন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না, জানতে চান এক সাংবাদিক।

জবাবে জয়সওয়াল বলেন, আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতি মোকাবিলা করা বাংলাদেশ সরকারের দায়িত্ব। সেই দায়িত্ব তাদের পালন করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *