প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ার অভিযোগে গ্রেপ্তার হন মোহাম্মদ মহিবুল্লাহ মুবিন। গ্রেপ্তারের পর পুলিশের পা জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় তাকে। বারবার অনুরোধ করেন, “ভুল করেছি, এইবারের মতো আমাকে ছেড়ে দিন।”
কিন্তু শেষ পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হয়নি। আদালতে পাঠানোর পর ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয় বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
সবচেয়ে আবেগঘন দৃশ্য দেখা যায় রিমান্ড শুনানির পর। কান্নায় ভেঙে পড়েন মুবিন নিজেও। পাশে অঝোরে কাঁদছিলেন তার স্ত্রী ও সন্তান।
মুবিনের পরিবারের দাবি, কোনো নাশকতার উদ্দেশ্যে নয়—প্রধানমন্ত্রীকে কাছ থেকে একবার দেখার আগ্রহ থেকেই তিনি নিরাপত্তাবেষ্টনীর ভেতরে ঢুকে পড়েছিলেন।
স্বামীর মুক্তির আকুতি জানিয়ে মুবিনের স্ত্রী বলেন, “আমার স্বামী একজন সাধারণ মানুষ, কোনো সন্ত্রাসী নন। তার ভুল হয়েছে, তাকে যেন ছেড়ে দেওয়া হয়।”