শেরপুর জেলার নকলা উপজেলার হুজুরীকান্দা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
গত ৭ সেপ্টেম্বর ঘটা এই দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ওই এলাকার বাসিন্দা ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বিল্লাল হোসেন (থটস অফ বিল্লাল)।
একই সাথে তিনি এলাকায় ব্যক্তিগত অর্থায়নে একটি ফায়ার স্টেশন নির্মাণেরও ঘোষণা দিয়েছেন।দুর্ঘটনার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিল্লাল হোসেন জানান, নকলা থানা থেকে দুর্ঘটনাস্থলের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার।
অথচ খবর দেওয়ার পর দূরবর্তী স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়। ততক্ষণে চোখের সামনেই পুড়ে যায় ঘর দুটি। তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, সরকারি অনুমতি ও সহযোগিতা পেলে তিনি নিজ অর্থায়নে নকলা থানা এলাকার মানুষের জন্য একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করতে চান।
এদিকে, জনপ্রিয় এই কনটেন্ট ক্রিয়েটরের ফেসবুক পোস্ট এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। ফেসবুকের বেশ কিছু পেজ ও প্রোফাইল থেকে দাবি করা হচ্ছে, অগ্নিকাণ্ডের এই ঘটনায় খোদ বিল্লাল হোসেনের নিজের বাড়িই পুড়ে ছাই হয়ে গেছে। তবে অনুসন্ধানে জানা গেছে, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর দুটি বিল্লাল হোসেনের নিজস্ব বাসভবন নয়, বরং সেগুলো ছিল তাঁর প্রতিবেশীর। এই দুর্ঘটনায় বিল্লাল হোসেন কিংবা তাঁর পরিবারের কোনো ঘরবাড়ির ক্ষতি হয়নি এবং তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন। মূলত প্রতিবেশীদের এই ক্ষতি ও ফায়ার সার্ভিসের বিলম্বের প্রতিবাদেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি করেছিলেন, যা পরবর্তীতে তাঁর নিজের বাড়ি পুড়ে যাওয়ার গুজব হিসেবে ছড়িয়ে পড়ে।